291
Sharesদশম বর্ষপূর্তিতে ইউজারদের জন্য বড় উপহার নিয়ে আসছে গুগল ফটোস। এখন থেকে নতুন এবং আরো শক্তিশালী এআই এডিটের সুবিধা মিলবে এখানে। স্বাভাবিকভাবেই এই নতুন আপডেটে ইউজারদের অভিজ্ঞতা আরো দুর্দান্ত হতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে।
গুগল ফটোসের নতুন ইন্টারফেসটি আরো আকর্ষণীয় করে তোলার জন্য এআই ভিত্তিক এডিটের অপশন রাখা হয়েছে।
যা নিজে থেকেই ছবিকে উন্নত করতে সহায়তা করে। ফলে কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই উচ্চমানের এডিটের সুযোগ পাবেন ইউজাররা।
এই আপডেটে দুটি নতুন শক্তিশালী এআই-চালিত ফিচার আনছে গুগল। যদিও আগে এগুলো পিক্সেল ফোনে পাওয়া যেত।
ফিচারগুলো হচ্ছে- রিইমাজিন ও অটো ফ্রেম। গুগল চাইছে একেবারে পেশাদারি ধাঁচের এডিটের সুযোগ ইউজারদের কাছে পৌঁছে দিতে। ফলে ইনস্ট্যান্ট ঝকঝকে ছবি হাতে পাবেন ইউজাররা। সেটাও তথাকথিত কোনো প্রশিক্ষণ ছাড়াই।
রিইমাজিন নামের টুল যেকোনো ছবিকেই তাৎক্ষণিক বদলে দিতে সাহায্য করবে। কেবল সহজ ভাষায় প্রম্পট করতে পারলেই হলো। যেমন, কোনো ছবিতে হয়তো কারো পেছনের আকাশটা মেঘলা। প্রম্পট করা হলো ‘পরিষ্কার নীল আকাশ’ চেয়ে। এআই তাৎক্ষণিক আকাশের চেহারাটা পরিবর্তন করে দেবে।
অন্যদিকে অটো ফ্রেম হলো ছবিটির কম্পোজিশন খুঁটিয়ে দেখা এবং এরপর সেই ফিচারটি ইউজারদের জানিয়ে দেবে, ক্রপিং অথবা ছবিটিকে আরো বিস্তৃত করতে পারলে তা আরো ভালো হবে। অথবা ছবির যে সাধারণ বর্ডার সেটাকে আরো বাড়ানোও যাবে।
গুগল ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে আরো নতুন নতুন ফিচার আনা হবে, যাতে ছবির সম্পাদনা আরো নিখুঁত ভাবে করা যায়। তবে আপাতত যে দুটি ফিচার রয়েছে, তাও যে ইউজারদের অভিজ্ঞতাকে অনেকটাই সমৃদ্ধ করবে তা বলাই যায়।
ওয়াইএফ/০২