সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

মার্চ / ২৮ / ২০২৬


দায়িত্বশীল সাংবাদিকতা দুই দেশের মানুষের বোঝাপড়া বাড়াবে : ভারতের সহকারী হাইকমিশনার


24

Shares


ভারত ও বাংলাদেশে সম্পর্ক অনেক গভীর মন্তব্য করে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, ‘দুই দেশ একসঙ্গে এগিয়ে যাচ্ছে, সহযোগিতা বাড়ছে। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘দায়িত্বশীল সংবাদ পরিবেশন দুই দেশের মানুষের মধ্যে বোঝাপড়া আরো বাড়াতে ও ইতিবাচক সম্পর্ক গড়তে পারে।’ 

শুক্রবার (২৭ মার্চ) রাতে সিলেট নগরের একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের উদ্যোগে সিলেটের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সিলেট জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাহিদা খান সুর্মির সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখে আমরা সবসময় আনন্দিত। ভারত ও বাংলাদেশে সম্পর্ক অনেক গভীর। ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের মধ্যে আত্মিক বন্ধনের উপর দাঁড়িয়ে আছে এই সম্পর্ক। দুই দেশ একসঙ্গে এগিয়ে যাচ্ছে, সহযোগিতা বাড়ছে এবং এই সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হচ্ছে।’

এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এ জায়গায় আপনাদের সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারাই মানুষের কাছে তথ্য পৌঁছে দেন, মতামত তৈরি করেন। সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা দুই দেশের মানুষের মধ্যে বোঝাপড়া বাড়াতে পারেন, ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারেন। এ কাজে আপনাদের অবদান অতি গুরুত্বপূর্ণ।’

এ আয়োজন শুধু আনন্দ ভাগাভাগির জন্য নয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক আরো গভীর করার একটি সুযোগও। আশা করি আমরা সবাই মিলে এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে পারব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোহিত দিদার, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো প্রধান সেলিম আওয়াল ও দ্য ডেইলি স্টারের সিলেট ব্যুরো প্রধান দ্বোহা চৌধুরী।

সৌহার্দ্যপূর্ণ এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক মানবজমিনের কূটনীতিক প্রতিবেদক মিজানুর রহমান ও সাংবাদিক বিদ্যা রত্ন রায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ট্যুরিস্ট ভিসা ও মেডিক্যাল ভিসায় আমাদের দেশের বিপুল সংখ্যক লোক ভারত যান। সম্প্রতিসময়ে যদিও সীমিত পরিসরে মেডিক্যাল ভিসা কার্যক্রম চলছে কিন্তু ট্যুরিস্ট ভিসা এখনো চালু হয়নি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। যদিও ভারতীয় হাই কমিশনার বলেছেন এ বিষয়ে প্রচেষ্টা চলছে।



ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ