প্রবাস দর্পণ



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ১৫ / ২০২৬


কানাডার প্রথম বাংলাদেশি এমপি হলেন ডলি বেগম


15

Shares


কানাডার টরেন্টোতে উপনির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক ডলি বেগম। তিনি স্কারবরো সাউথওয়েস্ট আসনে জয়ী হয়েছেন বলে কানাডিয়ান প্রেসের খবরে বলা হয়েছে।

‘নিউ ডেমোক্র্যাট’ দলের সাবেক এই রাজনীতিক এ জয়ের মাধ্যমে হাউস অব কমন্সে তার নতুন দলের জন্য আরেকটি আসন নিশ্চিত করলেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কনজারভেটিভ দলের ডায়ানা ফিলিপোভা এবং এনডিপির ফাতিমা শাবান।

ডলি বেগম সাত বছরের বেশি সময় ধরে অন্টারিও আইনসভায় স্কারবরো এলাকার প্রতিনিধিত্ব করেছেন। প্রাদেশিক এনডিপির উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সোমবার রাতে বিজয় ভাষণে নিজের আগের জনসেবামূলক কাজের কথা তুলে ধরে ডলি বেগম বলেন, “আজকের রাতটা আলাদা। এখানে যে পরিবার, যে জোট আমরা গড়ে তুলেছি, তা নিয়ে আমি ভীষণ গর্বিত।

“আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেকের সাফল্য পাওয়ার ন্যায্য সুযোগ থাকে।”

২০১৫ সাল থেকে গেল ফেব্রুয়ারি পর্যন্ত আসনটি লিবারেল এমপি বিল ব্লেয়ারের দখলে ছিল।

একাধিক মন্ত্রণালয় সামলানো এই রাজনীতিক যুক্তরাজ্যে কানাডার হাইকমিশনারের দায়িত্ব নিতে পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ডলি বেগমকে তার জয়ের জন্য অভিনন্দন জানান।

তিনি লেখেন, “ডলি তার সম্প্রদায়ের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে দৃঢ় ও কার্যকরভাবে লড়াই করেছেন। তার নিরলস কণ্ঠ ও অভিজ্ঞতা সবার জন্য আরো শক্তিশালী ও ন্যায়ভিত্তিক কানাডা গড়তে সহায়ক হবে।”


ওয়াইএফ/০১

প্রবাস দর্পণ