আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মে / ২৫ / ২০২২


United States

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে গুলি, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১


156

Shares

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই গুলির ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন। বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সাউথ টেক্সাসের উভালদে শহরের যে স্কুলটিতে হামলা চালানো হয়েছে সেটির নাম রব এলিমেন্টারি স্কুল। এর আগে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছিলেন, গুলিতে এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ ওই হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। গ্রেগ অ্যাবোট বলেন, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন।

তার হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরেকটি রাইফেল ছিল। এই ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, আজ বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

এদিকে উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো জানিয়েছেন, যারা নিহত হয়েছে তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আন্তর্জাতিক