আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৭ / ২০২২


news part

রুশ সেনা প্রত্যাহারের দাবিকে মিথ্যা বললো যুক্তরাষ্ট্র


107

Shares

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিকে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র। দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানান, উল্টো গত কয়েক দিনে রাশিয়া আরও ৭ হাজার সেনা মোতায়েন করেছে ওই অঞ্চলে। এ খবর দিয়েছে বিবিসি।

ওই কর্মকর্তা আরও জানান, রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেন আক্রমণ করার জন্য একটি মিথ্যা অজুহাত তৈরি করতে পারে। তবে রিপোর্টে তার নাম জানানো হয়নি। তবে মস্কো বলছে, সামরিক মহড়া শেষ হওয়ার পর তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে। কিন্তু পশ্চিমা কর্মকর্তারা রুশ দাবি বিশ্বাস করছেন না। তারা বলছেন, সীমান্ত থেকে রুশ সৈন্য প্রত্যাহারের কোনো প্রমাণ তারা দেখেননি। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, বাস্তবে সেখান থেকে সেনা প্রত্যাহার করেনি রাশিয়া। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এর প্রমাণ মিলেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও মনে করেন, সীমান্ত এলাকায় রাশিয়া তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। এতোদিন সবার ধারণা ছিল সীমান্তে এক লাখের মতো রুশ সেনা জড়ো করা হয়েছে। কিন্তু বাইডেন বলছেন, সীমান্তে মোতায়েন করা রুশ সেনার সংখ্যা দেড় লাখ। বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। এতে দুই নেতা একমত হন যে, সংকট সমাধানে রাশিয়াকে অবশ্যই সত্যিকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা গেছে ক্রিমিয়া থেকে সরে যাচ্ছে রুশ ট্যাংক। কিন্তু হোয়াইট হাউজের ওই কর্মকর্তার দাবি, সেনা কমানো দূরে থাকা উল্টো আরও সেনা মোতায়েন করা হয়েছে সেখানে। তিনি বলেন, তারা এই দাবি করে যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বে প্রচুর সাড়া পেয়েছে। কিন্তু আমরা জানি যে এই দাবি মিথ্যা।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বিবিসিকে জানিয়েছিলেন যে, এখনো রুশ সেনা প্রত্যাহারের কোনো লক্ষণ দেখা যায়নি।

আন্তর্জাতিক