107
Sharesঅবশেষে অ্যাপ স্টোরে আসতে চলেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’। এরমধ্য দিয়ে আবারও সোশ্যাল মিডিয়া জগতে ফিরে আসছেন ট্রাম্প। এক বছরেরও বেশি সময় ধরে তিনি ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে নিষিদ্ধ রয়েছেন। ২০২১ সালের ৬ই জানুয়ারি তার সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই হামলায় উস্কানি দেয়ার অভিযোগ আসে ট্রাম্পের বিরুদ্ধে। এরপরই তাকে নিষিদ্ধ করে সাইটগুলো।
দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে, এরইমধ্যে ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ট্রাম্প। এতে তিনি লিখেছেন, প্রস্তুত হোন, আপনাদের প্রিয় প্রেসিডেন্ট আসছেন। সেই পোস্টের স্ক্রিনশট নিজের টুইটার একাউন্ট থেকে শেয়ার করেছেন ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড জুনিয়র। এই অ্যাপের টেস্ট চলাকালীন অনেককে আমন্ত্রণ জানানো হয়েছিল এটি ব্যবহার করতে।
তাদের একজন কোম্পানিটির কাছে প্রশ্ন করেছিল যে কবে নাগাদ এটির বেটা ভার্সন আসতে যাচ্ছে। এর উত্তরে ট্রুথ সোশ্যালের এক নির্বাহী কর্মকর্তা জানান, ২১শে ফেব্রুয়ারি থেকে এটি অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলোর সঙ্গে টেক্কা নিতেই আসতে যাচ্ছে ট্রুথ সোশ্যাল।
যেসব ব্যবহারকারীরা বিশ্বাস করেন যে, ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে তাদের মতাদর্শ প্রচার সম্ভব হচ্ছে না, তারা ট্রুথ সোশ্যাল ব্যবহারে আগ্রহী হয়ে উঠবে। যদিও সাম্প্রতিক ইতিহাসে টুইটার ও ফেসবুককে চ্যালেঞ্জ করে সফল হওয়ার কোনো রেকর্ড নেই। ট্রুথ সোশ্যালে কী কী ফিচার থাকছে তা এখনো জানা যায়নি।
তবে এতে পোস্ট এডিট করা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে কোম্পানিটি জানিয়েছে, এখনো এই সুবিধা নেই। তবে এই প্লাটফর্মে ব্যবহারকারীরা সরাসরি নিজেদের মধ্যে মেসেজ আদানপ্রদান করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট কাউকে ব্লক করে দেয়ার ফিচারও থাকছে।