104
Sharesসম্প্রতি এক মার্কিন নারী আমাজন বন ঘুরে এসেছেন। কিন্তু তার চোখে টিস্যু সংক্রমণের বিরল ধরন মিয়াসিস শনাক্ত হয়েছে।
সোমবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দিল্লির ফোর্টিস হাসপাতালের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অস্ত্রোপচারের সময় তিনটি ২ সেন্টিমিটার আকারের মাছির লার্ভা বের করে আনা হয়েছে। মিয়াসিস হলো মানুষের টিস্যুতে একটি মাছি লার্ভা (ম্যাগট) সংক্রমণ।
এটি গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে ঘটে। রোগী জরুরি বিভাগে ভর্তি হন ডান চোখের ওপরের পাতা ফুলে যাওয়া ও লাল হয়ে যাওয়া নিয়ে। ওই নারী আরও জানান, তিনি গত ৪-৬ সপ্তাহ ধরে মাঝে মাঝে তার চোখের পাতার ভিতরে কিছুর নড়াচড়া অনুভব করছেন। ডা. মোহাম্মদ নাদীম তার অস্ত্রোপচারকারী দলের প্রধান।
এই চিকিৎসক বলেন, এটি মিয়াসিসের একটি খুব বিরল কেস ছিল। দুই মাস আগে ওই নারী আমাজন জঙ্গলে ভ্রমণ করেছিলেন। সে সময় তার দেহের বাইরে থেকে কিছু ঢুকে সংক্রমণ ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছিল। পরে তা শনাক্ত করে অস্ত্রোপচার করে বের করে আনা হয়। হাসপাতালের বিবৃতিতে বলা হয়, সার্জারি বিভাগের ডা. নারোলা ইয়াঙ্গার অস্ত্রোপচারের মাধ্যমে ২ সেন্টিমিটার সাইজের তিনটি জীবন্ত মাছির লার্ভা বের করে এনেছেন।
যার মধ্যে ডান চোখের ওপরে পাতা থেকে একটি, তার ঘাড়ের পেছন থেকে দ্বিতীয়টি এবং তার ডান বাহু থেকে তৃতীয়টি বের করে আনা হয়।
অস্ত্রোপচারটি সম্পন্ন হতে ১০-১৫ মিনিট সময় লাগে। জরুরি বিভাগ থেকে ওই নারীকে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি