156
Sharesষষ্ঠ দিনের মতো ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে। এর মধ্যেই জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, রাশিয়ার ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘ সাধারণ পরিষদের তিন দিনের বিশেষ জরুরি অধিবেশনে এ কথা বলেন তিনি। নেবেনজিয়া বলেন, ইউক্রেন দখল আমাদের পরিকল্পনার অংশ নয়। কিন্তু এই বিশেষ অভিযানের উদ্দেশ্য হলো জনগণকে রক্ষা করা, যারা আট বছর ধরে কিয়েভ শাসকের নির্যাতন ও গণহত্যার শিকার হয়েছেন।
এজন্যই ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসীবাদের প্রভাব মুক্ত করা প্রয়োজন। এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির অন্যতম শহর খেরসনে আবারও হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। মঙ্গলবার (১ মার্চ) ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রুশ সেনারা রাজধানী কিয়েভে আবার আক্রমণ শুরু করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে সতর্ক করে বলেছেন, কিয়েভের চারপাশের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।
যদিও শত্রুরা আক্রমণের ক্ষমতা হারাচ্ছে, তবে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশ সেনারা দক্ষিণে মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর খেরসনে হামলা শুরু করেছে। খেরসনের আঞ্চলিক রাজ্য প্রশাসন ফেসবুকে জানিয়েছে, শহরটি রাশিয়ান সৈন্যরা ঘিরে ফেলেছে কিন্তু এখনও দখল করেনি।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা।
এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সূত্র : এএনআই