352
Sharesইসরায়েলি বিমান হামলা আর উচ্ছেদ অভিযানের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার গাজায় ঈদের নামাজ আদায় করলেন ফিলিস্তিনিরা।
এদিন সকালে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়েন লাখো মুসলমান। ঈদের জামাতে অংশ নেওয়া ফিলিস্তিনি তরুণদের হাতে ছিল পতাকা। ‘গাজার বিজয়’ চেয়ে স্লোগান দেন তারা। পূর্ব জেরুজালেমে ঈদের নামাজের পর তারা গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদ জানান। এই উৎসবের মধ্যেও সেখানে ইসরায়েলি হামলা চলে।
ঈদের দিনে ফিলিস্তিনিদের ঘুম ভাঙে রকেট হামলার শব্দে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত সোমবার থেকে এপর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ১৭ শিশুসহ ৮৩ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৪৮৭ জন। খবর আল জাজিরা ও জেরুজালেম পোস্টগত সোমবার ইসরায়েল ও গাজার হামাস বাহিনীর সংঘর্ষ তীব্র রূপ নেয়।
২০১৪ সালের পর ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে এটিই সবচেয়ে বড় সংঘষের ঘটনা। জেরুজালেমের দুই অংশের মধ্যে পূর্ব অংশে মূলত মুসলমান ফিলিস্তিনিদের বাস, পশ্চিম অংশ ইসরায়েলি অধ্যুষিত। অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের প্রক্রিয়া শুরুর পর থেকে উত্তপ্ত ওই অঞ্চল। এরপর ইসরায়েলের ‘জেরুজালেম দিবস’ পালনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়।
একদিকে ইসরায়েলি সেনারা গাজায় গোলাবর্ষণ করছে, অন্যদিকে রকেট হামলা চালিয়ে তার জবাব দিচ্ছে গাজার ফিলিস্তিনিরা। আর এরমধ্যেই স্বজন হারানোর শোক নিয়ে এবার ঈদ উদযাপন করছেন ফিলিস্তিনি মুসলমানরা।