109
Sharesকরোনাভাইরাসের প্রকোপ কমায় ভারতের অভ্যন্তরে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। তারই ধারাবাহিকতায় এবার ফের ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে৷ ভারতের রেল মন্ত্রণালয়ের সূত্রে এ খবর দিয়ে নিউজ১৮ বাংলা জানিয়েছে, আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল ফের শুরু হবে।
নিউজ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়, ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে৷ কলকাতা স্টেশন থেকে ঢাকার মধ্যে যাতায়াত করে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস৷ কলকাতা থেকে ছেড়ে গেদে সীমান্ত হয়ে ঢাকা পৌঁছতো মৈত্রী এক্সপ্রেস৷ পেট্রোপোল-বেনাপোল সীমান্ত হয়ে ঢাকা যেতো বন্ধন এক্সপ্রেস৷ এর পাশাপাশি এনজিপি থেকে ঢাকা পর্যন্ত মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেনও যাতায়াত করতো।
তিনটি ট্রেনের মধ্যে সবার প্রথমে চালু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস৷ উল্লেখ্য, ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় পশ্চিমবঙ্গ রাজ্য থেকে সরাসরি বাংলাদেশ যেতে মূলত বিমানের উপরই ভরসা করতে হত যাত্রীদের৷ কিন্তু ব্যয়সাপেক্ষ হওয়ায় অনেকের পক্ষেই বিমানে যাতায়াত করা সম্ভব হত না৷ ফলে ট্রেন যোগাযোগ শুরু হলে বহু যাত্রীই উপকৃত হবেন৷ বাংলাদেশ থেকে কলকাতায় বহু মানুষ চিকিৎসার প্রয়োজনে আসেন৷ সুবিধা হবে তাদেরও৷