আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৮ / ২০২২


play news

বন্ধ হয়ে যাচ্ছে ইংল্যান্ডের হাজার বছরের পুরনো পাব


105

Shares

আর্থিক সঙ্কটে বন্ধ হয়ে যাচ্ছে ইংল্যান্ডের এক হাজারেরও বেশি বয়সী একটি পাব। এর নাম ‘ইয়ে ওল্ডি ফাইটিং কুকস’।

লন্ডনের ঠিক উত্তরে সেইন্ট আলবান্সে এর অবস্থান। ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, ৭৯৩ খ্রিস্টাব্দ থেকে ব্যবসা করে আসছে এই পাবটি। কিন্তু করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক ক্ষতি বিপুল। তা কাটিয়ে উঠতে পারছে না তারা। এ জন্য বন্ধ করে দেয়া হচ্ছে এই পাব। তারা দাবি করেছে ইয়ে ওল্ডি ফাইটিং কুকস হলো বৃটেনের সবচেয়ে পুরনো পাব।

এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলেছে, শুক্রবার পাব’টির মালিক ক্রিস্টো টোফাল্লি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে বলেছে, চরম চ্যালেঞ্জিং সময়ে টিকে থাকা কঠিন। তাই তারা এর দরজা বন্ধ করে দিচ্ছেন। তিনি লিখেছেন, পাবটিকে চালু রাখার জন্য টিমের সঙ্গে আমি সবরকম চেষ্টা করেছি। বিশেষ করে গত দুটি বছর আতিথেয়তা বিষয়ক এই সেবার ওপর যে চাপ গেছে তা অনাকাঙ্খিত। এই সঙ্কট আমাদের সবাইকে পরাজিত করেছে।

ইয়ে ওল্ডি ফাইটিং কুকস বহু পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান। এর ভবিষ্যত ব্যবসা চালিয়ে নেয়ার জন্য কঠোর প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু তা কাজে আসেনি। তিনি আরও বলেছেন, মহামারির আগেও চরম প্রতিকূলতার মধ্যে টিকে থাকতে হয়েছে তাদেরকে। কিন্তু কোভিড-১৯ এর প্রভাব ধ্বংসাত্মক। এর ফলে আর্থিক বিষয়ে যে বাধ্যবাধকতা আছে তা পূরণে লড়াই করছে এই পাব। তিনি লিখেছেন, এটা বলার অপেক্ষা রাখেনি যে, আমার হৃদয় ভেঙে যাচ্ছে।

এই পাবটি আমার কাছে শুধু ব্যবসা নয়। তার চেয়েও অনেক বেশি কিছু। এর ইতিহাসের সঙ্গে ক্ষুদ্র একটি অংশ হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। বৃটেনের পাব শিল্প করোনা মহামারির আগে থেকেই টিকে থাকার জন্য লড়াই করছিল। আগে মানুষ পানীয় গ্রহণের জন্য যেত পাব-এ। কিন্তু এখন তারা তা এড়িয়ে ছোটে বার, রেস্তোরাঁ এমনকি নিজেদের বাড়িতে বসে পান করে। বৃটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্যমতে, ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে বন্ধ হয়ে গেছে কমপক্ষে ১১ হাজার পাব।

এতে এই ব্যবসায় জড়িতদের সংখ্যা মোট এক চতুর্থাংশ কমে গেছে। ইয়ে ওল্ডি ফাইটিং কুকস-এর প্রধান অবকাঠামো নির্মাণ করা হয় একাদশ শতাব্দীতে। প্রকৃতপক্ষে এটাকে ব্যবহার করা হতো পিজিওন হাউজ বা ঘুঘু পালনের জন্য। স্থানীয় একটি পর্যটন বিষয়ক বোর্ড এ তথ্য দিয়েছে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুতে এখানে হতো মোরগ লড়াই। তার ওপর ভিত্তি করে পাবটির নামকরণ হয়েছে।

ইংলিশ সিভিল ওয়ারের সময় এতে এক রাত ঘুমিয়েছিলেন অলিভার ক্রোমওয়েল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইয়ে ওল্ডি ফাইটিং কুকস’কে ইংল্যান্ডের সবচেয়ে পুরনো পাব হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বর্তমানে এ বিষয়ক রেকর্ড টাইটেল সক্রিয় নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন মুখপাত্র বলেছেন, এই রেকর্ড ২০০০ সাল থেকে স্থগিত অবস্থায় আছে। তবে ইংল্যান্ডের ওই পাবটি সবচেয়ে পুরনো কিনা এখন তার কোনো পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই।

বৃটেনে আছে বহু ঐতিহাসিক পাব। এর মধ্যে আছে লন্ডনের বিখ্যাত ‘প্রসপেক্ট অব হোয়াইটবি’। ১৫২০ সালে প্রতিষ্ঠিত এই পাব-এর আগের নাম ছিল ডেভিলস টাভার্ন।

আন্তর্জাতিক